স্পোর্টস রিপোর্টার
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। ব্যাটেও রান নেই। তবে বরাবরের মতোই শৃঙ্খলা ভঙ্গের কর্মকাণ্ডে খবরের শিরোনাম হলেন সাব্বির, আলোচনায় আসলেন। বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা সাব্বিরের বিরুদ্ধে।
বিকেএসপিতে গতকাল শেখ জামালের অভিজ্ঞ ক্রিকেটার ইলিয়াস সানিকে ইট ছুড়ে মেরেছেন বাউন্ডারির বাইরে বসে থাকা সাব্বির। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। বর্ণ বৈষম্যমূলক গালিও দিয়েছেন অগ্রজ ইলিয়াস সানিকে। এ ঘটনায় সাব্বিরের বিরুদ্ধে সিসিডিএমের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে শেখ জামাল। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আবেদন করেছে ক্লাবটি।
গতকাল ক্লাবটির সূত্র জানায়, পুরোনো ক্ষোভ থেকে এমন আচরণ করেছেন সাব্বির। এর আগে শেখ জামালের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বোলার ইলিয়াস সানির সঙ্গে তর্কে জড়ান তিনি। সেদিনও গালি দিয়েছিলেন সাব্বির।
