বাংলাদেশে সড়ক দুর্ঘটনা সময়ের সঙ্গে বাড়ছে। বেসরকারি সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-র হিসাবে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনা হয় ১১টির বেশি এবং গড় মৃত্যু সংখ্যা প্রায় ১৪, যার অধিকাংশ হচ্ছে অকাল মৃত্যু। আহতদের মধ্যে অনেকে পঙ্গু অবস্থায় জীবন যাপন করছেন। মোটরসাইকেলে দুর্ঘটনা হয় সবচেয়ে বেশি। ট্রাকের সঙ্গে অন্য যানবাহনের দুর্ঘটনার সংখ্যাও অনেক। দুর্ঘটনার কারণগুলোর মধ্যে চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা অন্যতম। প্রতিযোগিতা করে ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় গাড়ি খুব উচ্চগতিতে থাকে। ফলে চোখের পলকেই ঘটে যায় দুর্ঘটনা। গাড়ি চালালোর ক্ষেত্রে চালকদের প্রধান উদ্দেশ্য হবে নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো। গাড়ি চালানোর সময় সবসময় একই গতিতে চালানো যায় না। কখনো বাড়বে, কখনো কমবে। গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ রাখা জরুরি, যে সর্বোচ্চ গতিতে গাড়ি চালানো যায়, তার চেয়ে কম গতিতে গাড়ি চালানো—যেন গাড়ি সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকে। কেউ আগে যেতে চাইলে তাকে জায়গা করে দেওয়া উচিত। কিন্তু প্রতিযোগিতা নয়। কারণ একটু অসচেতনতা অন্যের মৃত্যুর বা পঙ্গুত্বের কারণ হতে পারে।
মো. আরিফুল ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
