গৃহশ্রমিকদের ওপর সহিংসতা বন্ধ ও নির্যাতনকারীদের শাস্তি দাবি

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:২৪

আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস উপলক্ষ্যে মানববন্ধন

ইত্তেফাক রিপোর্ট

সারা দেশে গৃহশ্রমিকদের ওপর অব্যাহত সহিংসতা বন্ধের এবং আইনি সুরক্ষাসহ নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ট্রেড ইউনিয়ন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে তারা ক্ষতিগ্রস্তদের সুচিকিত্সা ও উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন।

গতকাল বুধবার আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস ২০২১ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে প্রতিনিধিরা এ দাবি জানান। জাতীয় গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে গৃহকর্মে নিযুক্ত শ্রমিকের ওপর নির্যাতন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এ রকম পরিস্থিতিতে পালিত হলো  আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস। গৃহশ্রমিক হিসেবে যেমন তাদের রয়েছে কিছু ন্যায্য অধিকার, তেমনি রয়েছে মানুষ হিসেবে মর্যাদা পাবার অধিকার। এই করোনাকালীন সময়ে গৃহশ্রমিকরা সরকারি ও বেসরকারি পর্যায় থেকে তেমন কোনো সাহায্য বা সহযোগিতা পায়নি। তাদের একটা বড় অংশই চাকরিচ্যুত এবং কর্মহীন। ফলে তাদের বেঁচে থাকাটাই এখন কঠিন হয়ে পড়েছে। এ রকম পরিস্থিতিতে তাদের ওপর এ ধরনের সহিংসতা ও নির্যাতনের ঘটনা অমানবিকতার চরম নিদর্শন।

এ সময় বক্তারা আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন করাসহ সারা দেশে গৃহশ্রমিকদের নিরাপত্তা রক্ষায় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ বাস্তবায়ন, শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করা, গৃহশ্রমিকদের মামলায় সরকারিভাবে আইনি সহায়তা প্রদান, সব গৃহশ্রমিকের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, নির্যাতনে নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ প্রদান, আহত শ্রমিকদের চিকিত্সা ব্যয় নিয়োগকারী কর্তৃক বহন করা, নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানান।

গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়নবিষয়ক সম্পাদক ফিরোজ হোসাইন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্যসচিব ও বিলস্ পরিচালক নাজমা ইয়াসমীন প্রমুখ।