ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় বিয়ের পাঁচ দিনের মাথায় রিতু (১৯) নামের এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রুবেল মোল্লাকে আটক করেছে পুলিশ। বুধবার আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে ঐ নববধূর মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত নববধূ রিতু আক্তার আশুলিয়ার খেজুরটেক এলাকার আবুল হোসেনের মেয়ে। সে স্থানীয় আলহাজ জাফর ব্যাপারী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের ফুফাতো ভাই নাঈম ইসলাম জানান, গত শুক্রবার রিতুর সঙ্গে রুবেলের বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হঠাত্ মঙ্গলবার রুবেলের পরিবার থেকে জানানো হয় মিতু অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর গতকাল সকালে হাসপাতালে গেলে তার মরদেহ দেখতে পায় স্বজনরা।
