২১ থেকে ২৩ মার্চ ঢাকা ট্রাভেল মার্ট

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১

টাইটেল স্পন্সর  নভোএয়ার

ইত্তেফাক রিপোর্ট

বেসরকারি বিমান সংস্থা  নভোএয়ার ১৬ তম আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট- ২০১৯ এর টাইটেল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। দেশের অন্যতম ভ্রমণ বিষয়ক ইংরেজি পাক্ষিক দি বাংলাদেশ মনিটরের উদ্যোগে আগামী ২১ থেকে ২৩ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পর্যটন মেলাটি অনুষ্ঠিত হবে। এবারের পর্যটন মেলাটির নামকরণ করা হয়েছে নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং নভোএয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এবারের ঢাকা ট্রাভেল মার্টে প্রায় ৮০টি স্টল ও প্যাভিলিয়নে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট এবং অন্যান্য পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা উপস্থাপন করবে।