সংসদে বাজেট আলোচনা

অর্থ পাচারকারীদের তালিকা অর্থমন্ত্রীকেই দিতে হবে

আপডেট : ১৭ জুন ২০২১, ০০:২৭

দেশ থেকে কারা অর্থ পাচার করছেন, সেই তালিকা অর্থমন্ত্রীকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন একাধিক সংসদ সদস্য। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর গতকাল বুধবার সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এ কথা বলেন।

বাজেট আলোচনায় বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) এমপি পীর ফজলুর রহমান বলেন, অর্থমন্ত্রী বলেছেন, দেশ থেকে কারা টাকা পাচার করছে, তা তিনি জানেন না। সে তালিকা চান সংসদ সদস্যদের কাছে। সংসদ সদস্যরা কীভাবে তালিকা দেবে? তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি তালিকা দেবেন কারা অর্থ পাচার করে। পি কে হালদারদের মতো লোকেরা যেন অর্থ নিয়ে বিদেশে যেতে না পারে সেই ব্যবস্থার দাবি জানান।

পীর ফজলুর বলেন, প্রত্যেকটা অডিট রিপোর্টে আছে কীভাবে আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি হয়েছে। সেখান থেকে তিনি কারা টাকা পাচার করে সেই তথ্য নিতে পারেন। সংসদে উত্থাপিত অডিট রিপোর্টের বরাত দিয়ে তিনি বলেন, সিএজির গত চার বছরের অডিট প্রতিবেদন বলছে, ৩১ হাজার কোটি টাকা লুট হয়েছে। চার বছরে রাষ্ট্রয়ত্ত ব্যাংকে জালিয়াতি, সরকারি অর্থের মোট অনিয়মের ৫২ শতাংশই ব্যাংকিং খাতে। ৯ বছরে অনিয়ম বেড়েছে ১৬ গুণ। এটি অডিটর জেনারেলের চার বছরের অডিট থেকেই এসেছে।