১১ মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৫৮.৩৬ শতাংশ

আপডেট : ১৭ জুন ২০২১, ০০:২৮

করোনা মহামারির মধ্যে চলতি ২০২০-২১ অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৫৮ দশমিক ৩৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে, যা গত অর্থবছরের চেয়ে অনেক কম। দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর ২০১৯-২০ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। গতকাল বুধবার সংসদে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উপস্থাপন করা তথ্য পর্যালোচনায় এডিপি বাস্তবায়নের এ চিত্র তুলে ধরে হয়েছে।

সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এডিপি বাস্তবায়নের পরিসংখ্যান তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, ২০১৯-২০ অর্থবছরে ২ লাখ ১ হাজার ১৯৯ কোটি টাকা উন্নয়ন বরাদ্দের বিপরীতে খরচ হয়েছিল ১ লাখ ৬১ হাজার ৭৪১ কোটি টাকা। আর চলতি ২০২০-২১ অর্থবছরের ২ লাখ ১ হাজার ১৯৯ কোটি টাকা উন্নয়ন বরাদ্দের বিপরীতে ২১ মে পর্যন্ত ১ লাখ ২২ হাজার ১৩১ কোটি টাকা খরচ হয়েছে।

পরিকল্পনামন্ত্রী জানান, গত ১০ বছরে এডিপির প্রায় ৮৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। মোট ১১ লাখ ৯৮ হাজার ১৮১ কোটি টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৯৫২ কোটি টাকা। বাস্তবায়নের হার ৮৪ দশমিক ৭১ শতাংশ। ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বাস্তবায়িত হয়েছে ২০১৮-১৯ অর্থবছরে। ঐ অর্থবছরে বাস্তবায়নের হার ৯৪ দশমিক ৬৬ শতাংশ। ১ লাখ ৭৬ হাজার ৬২০  কোটি টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ১ লাখ ৬৭ হাজার ১৮৬ কোটি টাকা।