করোনা ভ্যাকসিন বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের

আপডেট : ১৭ জুন ২০২১, ০০:৩০

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেছেন, বাণিজ্যিকভাবে করোনার ভ্যাকসিন ক্রয় বাংলাদেশের মতো জনবহুল দেশের টিকাদান কার্যক্রমকে গতিশীল করবে। তাই মার্কিন ভ্যাকসিন উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নশীল দেশে বাণিজ্যিকভাবে ভ্যাকসিন রপ্তানির অধিকতর সুযোগ সৃষ্টি এবং এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, গত মঙ্গলবার রাষ্ট্রদূতের সম্মানে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজিত এক ভার্চুয়াল টাউন হল আলোচনায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটিতে ইউএস চেম্বার অব কমার্সের কর্মকর্তা, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকবৃন্দ এবং উবার, শেভরন, জেনারেল ইলেকট্রিক, মেটলাইফ, অ্যাবট, বোয়িং, পেপ্সিকো, গুগল, ফেসবুকের মতো বৃহত্ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি নিশা বিসওয়াল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার এবং কীভাবে বেসরকারি খাত দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে ভূমিকা রাখতে পারে তা তুলে ধরেন। তিনি কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক প্রতিবন্ধকতাসমূহ কাটিয়ে উঠতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশের পণ্য বিশেষত তৈরি পোশাকের ওপর কর হ্রাসের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। বাংলাদেশের জনগণের জন্য পর্যাপ্ত ভ্যাকসিনপ্রাপ্তি নিশ্চিত করার উদ্দেশ্যে মার্কিন সরকার এবং বেসরকারি খাত উভয়ের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কসমূহে বিনিয়োগ করে বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশের সুযোগ নিতে তিনি মার্কিন বিনিয়োগকারীদের আহ্বান জানান। তিনি বাংলাদেশের আইটি পেশাদারদের জন্য এইচ১বি ভিসাপ্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের জন্য মার্কিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বোয়িংয়ের মধ্যে দীর্ঘদিনের অংশীদারত্বকে সুসংহত করতে বেসামরিক বিমান চলাচলে দুই সরকারের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। এক্ষেত্রে তিনি ঢাকা ও নিউইয়র্কের মধ্যে পুনরায় সরাসরি বিমান চালু করতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতা চান।