আইএমএফের ঋণ মওকুফে সুদানকে ৬৫ কোটি টাকা দিল বাংলাদেশ

আপডেট : ১৭ জুন ২০২১, ০০:৩২

অত্যধিক ঋণগ্রস্ত সুদানের ঋণ মওকুফের অংশ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে ৬৫ কোটি টাকা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর আহ্বানে সাড়া দিয়ে দরিদ্র রাষ্ট্র এবং ওআইসির সদস্যভুক্ত বন্ধুপ্রতিম দেশ সুদানের ঋণ মওকুফের লক্ষ্যে ১৫ জুন বাংলাদেশ সরকার ৫৩ লাখ ২০ হাজার এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস)-এর সমপরিমাণ অর্থ প্রদান করেছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৫ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকার প্রত্যাশা করে, ‘ডেবট রিলিফ’ বা ঋণ মওকুফের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের এ অর্থায়ন দারিদ্র্যবিমোচনে সুদানের সংগ্রামকে আরো শক্তিশালী করবে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইত্তেফাককে জানান, করোনার প্রভাবে বিভিন্ন দেশে ঋণের বোঝা বেড়ে যাওয়ায় আইএমএফ দরিদ্র কিছু দেশে ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশসহ আইএমএফের অন্য সদস্যরা এই ঋণ মওকুফে অংশ নিয়েছে। এতে বাংলাদেশের পক্ষ থেকে উল্লেখিত পরিমাণ সহায়তা করা হয়। উল্লেখ্য, গত বছরও আইএমএফের উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্যমুক্তির লক্ষ্যে বাংলাদেশ ৭ লাখ এসডিআরের সমতুল্য ৮ কোটি টাকার অধিক অর্থ প্রদান করেছিল।