তামাকের ন্যায্যমূল্যসহ ৬ দফা দাবি জানিয়েছেন চাষি ও ব্যবসায়ীরা। মঙ্গলবার রংপুর তামাক চাষি ও ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ নগরীর রায়ান্স হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম ফকির। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মজিবর রহমান, ৬ নম্বর জলঢাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক, মিজানুর রহমান মিজান, ফারুক হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে মো. মাসুম ফকির তামাকের ন্যায্যমূল্য নির্ধারণ, তামাক বিক্রয়ের নিশ্চয়তা, গত বাজেটে বিড়ির ওপর বৃদ্ধিকৃত চার টাকা মূল্যস্তর কমানো, বিড়িতে আরোপিত ১০ শতাংশ অগ্রিম আয়কর কমানো, বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে তামাকের সুরক্ষা ও নিম্নস্তরের সিগারেটের ওপর শুল্ক বৃদ্ধির দাবি জানান। তিনি আরো বলেন, বহুজাতিক কোম্পানির দখলে থাকা প্রায় ৭২ শতাংশ নিম্নস্তরের এই সিগারেটের শুল্ক বৃদ্ধি করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আহরণ করতে পারবে। সেইসঙ্গে বৃহত্তর রংপুর অঞ্চলের হাজার হাজার তামাক চাষি ও ব্যবসায়ীর জীবন-জীবিকার সহায়ক হবে। —প্রেস বিজ্ঞপ্তি
