আবু তু-হা আদনানের নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ জুন ২০২১, ০০:৩৯

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রিসোর্ট হোক আর বার হোক, যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। এছাড়া ধর্মীয় বক্তা আবু ত্ব-হা আদনানের নিখোঁজ হওয়ার বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ক্লু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

গতকাল বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচ (পুরুষ) নবীন ব্যাটালিয়ান আনসারদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানশেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন।

এসময় তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

৯৭৯ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী একটি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীরা মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী  কৃতী ও চৌকশ প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদান করেন। মৌলিক প্রশিক্ষণে সজীব মণ্ডল শ্রেষ্ঠ ড্রিল, মো. মহিউদ্দিন ফাহিম শ্রেষ্ঠ ফায়ারার এবং রাকিব আকন্দ চৌকশ প্রশিক্ষণার্থী ব্যাটালিয়ন আনসার হিসেবে প্রথম স্থান অধিকার করেন।