সাতক্ষীরায় দ্বিতীয় দফায় সাত দিনের লকডাউনের ষষ্ঠ দিনে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় ১৬ জুন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৯জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৭০ জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজিটিভ রুগীর সংখ্যা ৭৪১ জন। এসব রোগীর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১৬৫ জন। এদের মধ্যে ২৪ জনের করোনা পজিটিভ। সদর হাসপাতালে ভর্তি আছে ২০ জন। এর মধ্যে ৯ জন পজিটিভ। সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল সমূহে ভর্তি ১২৯ জনের মধ্যে ১০ জন পজিটিভ। আর বাকিরা তাদের নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে জেলায় চার জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২৫২ জন। এবং করোনা আক্রান্ত হয়ে ৫৫ জন মারা গেছে।
অপরদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসন ঘোষিত দ্বিতীয় দফা লকডাউনের ষষ্ঠ দিনে বুধবার (১৬) জুন রাস্তাঘাটে লোকজনের চলাচল অনেকটা স্বাভাবিক। মানুষ যেন কিছুতেই স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেন না। হাটে বাজারে এমনকি হাসপাতাল ও ক্লিনিকে কেউই সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করছেন না। তবে, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। শহরের দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন।
ইত্তেফাক/এমআর

