লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত কুষ্টিয়া শহরের পরিধির তুলনায় জনসংখ্যা অনেক বেশি। প্রতিদিন মানুষ তাদের ব্যবহূত ময়লা-আবর্জনা রাস্তার ওপর ফেলছে। বাড়ির উচ্ছিষ্ট খাবার, নষ্ট তরকারি ও ফল রাস্তার ওপর খোলা জায়গায় ফেলায় তা পচে গিয়ে পরিবেশ দূষিত হচ্ছে। পুরো শহরের কোথাও ময়লা ফেলার ডাস্টবিন নেই। তাই কেউ ময়লা ডাস্টবিনে ফেলতে চাইলেও পারে না। অনেক জায়গায় ফুটপাতের স্লাভ ভেঙে যাওয়ায় ময়লা ড্রেনে পড়ে ভরাট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই সুন্দর শহরটি অসুন্দর হয়ে উঠবে। শহরের পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আর নয় যেখানে সেখানে আবর্জনা ফেলা। শহরের প্রতিটি পয়েন্টে ডাস্টবিন স্থাপন ও জনসচেতনতা সৃষ্টি করতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. শহীদুল্লাহ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
