পাখি হব

আপডেট : ১৭ জুন ২০২১, ২০:৫২

পড়ার টেবিল আছে জানালার পাশে,

ছুঁয়ে যাওয়া আমগাছে কতো পাখি আসে।

ডাকলেই সাড়া দেয়, কথা বলে কতো,

ওরাও পড়ছে বুঝি, আমাদের মতো!

 

বই নেই, খাতা নেই, মুখে মুখে পড়া,

পাখিদের শিক্ষক, সে-ও বুঝি কড়া!

আমগাছে ক্লাস চলে, জাম গাছে বাসা,

আমিও শিখতে চাই পাখিদের ভাষা!

 

কিচিরমিচির স্বরে ভোরবেলা ডাকে,

ঘুম থেকে উঠে তারা ঠিক খোঁজে মাকে!

গাছপাকা পেঁপে, আতা, আম, লিচু খেয়ে

ফূর্তিতে নাচে সব, গান গেয়ে গেয়ে!

ফুড়ুত্ ফুড়ুত্ উড়ে যায় ডালে ডালে,

থির হয়ে বসে না তো কস্মিনকালে!

 

আমারও ইচ্ছে করে, ছোট পাখি হই,

ওড়ার স্বপ্নে ডুবে শুধু চেয়ে রই!

মা বলেছে, বই হলো মুক্ত আকাশ,

বইয়ের পাতায় নাকি পাখিদের বাস!

 

মন দিয়ে পড়ি আমি, মন দিয়ে লিখি,

একটু একটু করে উড়ে যেতে শিখি!

একদিন ঠিক জানি, পেয়ে যাব ডানা,

অসীম আকাশ ছুঁতে থাকবে না মানা।