তাড়াশ পৌর শহরে শৌচাগার না থাকায় জনভোগান্তি চরমে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৯

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশ পৌর শহরে গণশৌচাগার নেই। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ। শৌচাগার না থাকায় প্রতিদিন হাজারও মানুষ দিগ্বিদিক হয়ে ছুটাছুটি করেন। এটি পৌর শহরের অন্যতম সমস্যা বলে মনে করছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ভবনের চিপায়, দেয়ালে ও রাস্তার আশ-পাশে মল-মূত্র ত্যাগ করছেন অনেকে। পাশাপাশি গৃহস্থালি, ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালের বর্জ্যও যেখানে-সেখানে ফেলা হচ্ছে। মল-মূত্র আর বর্জ্যের গন্ধে শহরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে।

পৌর শহরে শৌচাগার সমস্যা নিয়ে কথা হয় কয়েকজন ক্রেতা-বিক্রেতার সাথে। এ সময় ক্রেতা শিহাব উদ্দিন, ইদ্রিস আলী, আজম আলী, আব্দুল মালেক, আলামিন হোসেন জানান, উপজেলার ২৪৮টি গ্রামের বহুসংখ্যক মানুষ কেনা-কাটা, চাকরি, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ নানাবিধ প্রয়োজনে তাড়াশ পৌর শহরে আসেন। এই সময়ের মধ্যে কারো কারো একাধিকবার মল-মূত্র ত্যাগ করতে হয়। নিরুপায় হয়ে তারা যেখানে-সেখানে বসে পড়েন। এভাবে দীর্ঘ সময় প্রস্রাব-পায়খানা আটকে রেখে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।

এদিকে চাকরিজীবী রোকসানা খাতুন, রোকেয়া খাতুন, লিলি পারভীন জানিয়েছেন, নারীদের জন্য শৌচাগার সমস্যা আরো প্রকট। তারা বাড়ি থেকে শহরে আসার সময় পরিমাণের তুলনায় পানি কম খেয়ে আসেন। ভুক্তভোগীরা পৌর শহরে গণশৌচাগার নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে  জোর দাবি করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইফ্ফাত জাহান বলেন, তাড়াশ পৌরসভার এখনও ১ বছর পূর্ণ হয়নি। ইতিমধ্যে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা হয়েছে। গণশৌচাগার সমস্যার শিগগিরই সমাধান হয়ে যাবে।