বিভ্রান্তি

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:১১

মননের শূন্যতা বাসা বেঁধেছে শূন্যতার মাঝারে

চেয়ে দেখি চারপাশে আমি ছাড়া কেউ নেই! এ

জগত্ সংসার বড় অস্পষ্ট আর বিষাদ সংযুক্ত

নির্ভরতা বলতে অন্যমনস্কতা আর ছেঁড়াখোঁড়া

মেঘ। কে কাকে চিনে নিতে পারে? কে কার জন্য

সারা রাত নিদ্রাহীন থাকে? যে আচমকা জিরাফের

মতো বাড়িয়ে দেয় ব্যক্তিগত গলা সে কখনো কারো

নয় জেনো। এই নির্জলা মাঠ দুঃখিত দিগন্ত দৃষ্টির

আড়ালে চলে গেলেও পোশাকের ভেতর থেকে

ঠিকই বেরিয়ে আসে তিক্ততা ও রক্তবর্ণ ক্ষত, বিস্তর

সময় পেরিয়ে গেলেও বিভ্রান্তির মধ্যে জাদুর বল

গড়িয়ে যায় অপেক্ষার পাশ ঘেঁষে। করোনাকালের

দিনগুলিতে মানুষও বদলে গ্যাছে মুহূর্তে নৃত্যের

ভঙ্গিমায় ভেঙে ভেঙে পড়ে ধ্রুপদী আখ্যান।