১০ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পাচ্ছে প্রায় ২ কোটি

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:১৩

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচিচত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১৬ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকাটি প্রকাশ করেছে। এবার এই বিভাগে ১০ জনকে মোট ১ কোটি ৭৭ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর চলচ্চিত্রে মেধা ও সৃজনশীলতাকে উত্সাহিত করা, দেশের সংস্কৃতি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা এবং রুচিশীল শিল্পমানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা হিসেবে এই অনুদান দেওয়া হয়। ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মতিক্রমে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রের জন্য অনুদান পেয়েছেন মেহজাদ গালিব, তাসমিয়াহ আফরিন, রাসেল রানা ও নাসরিন ইসলাম। সাধারণ শাখায় অনুদান পেয়েছেন শামসুদ্দীন আহমদ শিবলু, ফজলে হাসান শিশির ও এমদাদুল হক খান। শিশুতোষ চলচ্চিত্র বিভাগে অনুদান পেয়েছেন মেহেদী হাসান অর্ণব ও স্বপ্ন সমুদ্র এবং মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য নির্মাণের জন্য অনুদান পেয়েছেন শায়লা রহমান তিথি। উল্লেখ্য, ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ভেতরে ৪টি চলচ্চিত্রের প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ২০ লাখ টাকা, ২টি চলচ্চিত্রের প্রতিটি ১৫ লাখ টাকা, দুটি ১৮ লাখ টাকা, একটি ১৭ লাখ টাকা এবং অন্যাটিকে দেওয়া হয়েছে ১৪ লাখ টাকা।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান তালিকা ছাড়াও গত ১৫ জুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। যেখানে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়। এবার করোনার কারণে অধিকসংখ্যক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়েছে।