বোতসোয়ানায় বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরকখণ্ডের সন্ধান

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:১৭

বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরকখণ্ডের সন্ধান পাওয়া গেছে। আফ্রিকার দেশ বোতসোয়ানায় বৃহত্তম ঐ হীরার খোঁজ পাওয়া গেছে। দেশটির খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা জানিয়েছে, তাদের খনি থেকে ১ হাজার ৯৮ ক্যারেটের একটি হীরা উত্তোলন করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা।

গত ১ জুন ঐ হীরার সন্ধান পাওয়া যায় এবং বুধবার এটি প্রকাশ্যে আনা হয়। রাজধানী গ্যাবোরোনে দেশটির প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসিকে হীরাটি দেখানো হয়েছে। বৃহত্তম এই হীরার সন্ধান পাওয়ার পর দেবসোয়ানার ব্যবস্থাপনা পরিচালক লিনিত্তে আর্মস্ট্রং বলেন, এখন পর্যন্ত বিশ্বে সন্ধান পাওয়া হীরাগুলোর মধ্যে এই হীরাকে তৃতীয় বৃহত্তম হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, এই হীরাটি দুর্লভ ও অসাধারণ। বোতসোয়ানায় পাওয়া এই হীরা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, লড়াই করে যাওয়া বোতসোয়ানা জাতির জন্য এটি আশা বয়ে এনেছে।

এখনো এই হীরাটির কোনো নাম দেওয়া হয়নি। এটি লম্বায় ৭৩ মিলিমিটার এবং প্রস্থে ৫২ মিলিমিটার। এই হীরাটি ২৭ মিলিমিটার পুরু। হীরার মানের ওপর ভিত্তি করে দেবসোয়ানার ইতিহাসে প্রতিষ্ঠানটির কোনো খনি থেকে সন্ধান পাওয়া সবচেয়ে বড় হীরা এটি। এর আগে সবচেয়ে বড় হীরার সন্ধান মেলে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায়। একটি খনি থেকে ‘কুল্লিনান’ নামে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়। ঐ হীরাটি ছিল ৩ হাজার ১০৬ ক্যারেটের।