এলজিইডির আওতাধীন নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হয়ে আদমদীঘি যাওয়ার একমাত্র সড়ক বেহাল। বছরের পর বছর সংস্কার না করায় সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকার কারণে চলাচলের সময় ঘটছে দুর্ঘটনা।
উপজেলা স্থানীয় প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আবাদপুকুর থেকে পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি হয়ে নওগাঁ, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলের এটিই প্রধান সড়ক। আবাদপুকুর থেকে আদমদীঘি যাওয়ার এই ১৪ কিলোমিটার সড়কের পুরো অংশই ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু আদমদীঘি উপজেলার কুসম্বী বাজার পর্যন্ত সড়কটি পুনর্নির্মাণ করায় সেই দুর্ভোগ কিছুটা লাঘব হলেও কিছু অংশ এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু আদমদীঘি উপজেলার শেষ সীমানার কুসম্বী বাজারের পর থেকে শুরু হওয়া রাণীনগর উপজেলার অংশের প্রায় আট কিলোমিটার সড়কের পুরোটাই বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সড়কটির কোনো সংস্কার না করায় কুসম্বী বাজারের পর থেকে পারইল বাজার, বগারবাড়ি বাজার, আবাদপুকুর এলাকার অংশের অবস্থা খুবই খারাপ।
পথচারী আনছার আলী, নেহাল আহমেদসহ অনেকেই বলেন, ‘দীর্ঘদিন ধরে আবাদপুকুর-রাণীনগর সড়কটির পুনর্নির্মাণের কাজ হচ্ছে না। ছোট-বড় যানবাহন ও হাজার হাজার মানুষ নওগাঁ, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলের জন্য সড়কটি ব্যবহার করছে। এছাড়াও আবাদপুকুর হাট জেলার দ্বিতীয় বৃহত্তম ধানের হাট হওয়ার কারণে এই সড়কটির গুরুত্ব অনেক বেশি। কিন্তু বর্তমানে এই সড়কের মাঝেমধ্যে সৃষ্টি হওয়া বড় গর্তের কারণে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।’
উপজেলা প্রকৌশলী শাহ মো. শহীদুল হক বলেন, ‘এই সড়কের পুনর্নির্মাণ/সংস্কার কাজের চাহিদা একটি প্রকল্পের আওতায় এনে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। প্রকল্পটি সংশ্লিষ্ট বিভাগ অনুমোদন দিয়ে অর্থ বরাদ্দ দিলেই সড়কটির প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু করা হবে।’
