খুলনা অফিস
খুলনা বিভাগে ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় ৩৯২ জন নিহত এবং ১ হাজার ৫১ জন আহত হয়েছেন। মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা) এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও ২৩৭ জন আহত, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ৯২ জন নিহত ও ৪৩২ জন আহত, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১১ জন নিহত ও ১৭৪ জন আহত এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ১২০ জন নিহত ও ২০৮ জন আহত হয়েছেন।
খুলনা বিভাগের মধ্যে খুলনা, যশোর, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যা বেশি উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, পথচারী, যানবাহনের মুখোমুখী সংঘর্ষ এবং খাদে পড়ে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ হতাহতের ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা রোধে পাসকৃত নতুন আইনের সঠিক ব্যবহার, দক্ষ চালক তৈরি করতে সরকারি উদ্যোগ এবং সড়ক দুর্ঘটনায় হতাহত তথা ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানানো হয়।
অবিলম্বে সড়ক দুর্ঘটনা রোধে সিটি মেয়রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচার জেলা উপদেষ্টা অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম। এসময় বিআরটিএ খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. জিয়াউর রহমান, নিসচার জেলা সভাপতি মো. হাছিবুর রহমান হাছিব, সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
