আটকে যাচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়িও!

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:৫১

মিরসরাইয়ের বিভিন্ন সড়কে অগ্নিনিরাপত্তা পরিকল্পনা না নিয়েই নির্মাণ করা হয়েছে বারপোস্ট। ফলে যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে যেতে না পারায় বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জানা যায়, বড় গাড়ি চলাচলের কারণে গ্রামীণ সড়ক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রতিটি সড়কের মুখে লোহার পাইপ দিয়ে স্থায়ীভাবে বারপোস্ট স্থাপন করেছে উপজেলা প্রকৌশলী কার্যালয়।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা যায়, স্টেশনে বর্তমানে ডিম্যাক্স বড় একটি ও ডিম্যাক্স বক্স একটি অগ্নিনির্বাপণ গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স আছে। অগ্নিনির্বাপণ গাড়িগুলোর আকার বড় হওয়াতে বারপোস্টের ভেতর দিয়ে যেতে পারে না। ফলে বিগত দুই বছরে উপজেলায় প্রায় শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে রওয়ানা হলেও সড়কের মুখে থাকা বারপোস্টের কারণে সঠিক সময়ে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না। লোহার পাইপে তৈরি বারপোস্টগুলো কেটে সামনের দিকে অগ্রসর হতে হয়। এতে করে অগ্নিকাণ্ডে বেড়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ। তিনি আরো বলেন, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন নগরীর ফায়ার সার্ভিস স্টেশনগুলোতে সম্প্রতি মিনি পিকআপ সাইজের মিসুডিসি গাড়ি সরবরাহ করা হয়েছে সরকারি ভাবে। যেগুলো নগরীর ছোট ছোট রাস্তা দিয়ে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে। মিসুডিসির গাড়িগুলো যদি মিরসরাই ফায়ার স্টেশনে সংযোজন করা হয় তাহলে সড়কের প্রবেশ মুখে বারপোস্ট থাকলেও সেটার নিচ দিয়ে অগ্নিনির্বাপণ গাড়িগুলো ঘটনাস্থলে যেতে সক্ষম হবে।

উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, উপজেলার গ্রামীণ সড়কগুলোতে বড় ট্রাক, বাসসহ ভারী গাড়ি চলাচল করার কারণে অল্প সময়ের মধ্যে সড়কের কারপেটিং নষ্ট হয়ে যায়। দীর্ঘ সময়ে সড়কের স্থায়িত্ব রক্ষা করার জন্য বারপোস্টের ব্যবস্থা করা হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার জন্য বারপোস্টের ওপরের অংশ যাতে খোলা যায় সেজন্য তালা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বলেন, বারপোস্টের উপরের অংশ যাতে তাত্ক্ষণিক খোলা যায় সেজন্য সেখানে তালা লাগানোর ব্যবস্থা করা হবে। যে সমস্থ বারপোস্ট স্থায়ী ভাবে লাগানো সেগুলো দ্রুত সময়ের মধ্যে খোলা-বাঁধার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।