চাঁদপুরে ৩০৭ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:৫৪

চাঁদপুর শহরে পেট্রোবাংলার অন্তর্ভুক্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিশেষ অভিযানে গত ১৫ দিনে অবৈধ ও বকেয়ার জন্য ৩০৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে বকেয়ার জন্য ৯৭টি এবং অবৈধ সংযোগের কারণে ২১০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং দেড় কোটি টাকা বকেয়াসহ জরিমানা করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুরের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মো. মাহমুদুজ্জামান। জুন মাসের প্রথম থেকে এ অভিযান শুরু হয়েছে। তিনি জানান, আবাসিক গ্যাস-সংযোগগুলোর মধ্যে বাসাবাড়িতে অনুমোদনের অতিরিক্ত চুলা বেশি পাওয়া গেছে। যতদিন পর্যন্ত অবৈধ লাইন পাওয়া যাবে, ততদিন এ অভিযান চলবে। প্রাথমিকভাবে আমাদেরকে সংযোগ বিচ্ছিন্ন অভিযানের এক মাস টার্গেট দেওয়া হয়েছে। আমরা চাঁদপুর শহরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়েছি। এরপর হাজীগঞ্জ, শাহরাস্তি এবং মতলবে অভিযান চালাব।