শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
চিকিত্সক সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বলে জানা গেছে।
সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী উপজেলার পোড়াগড় গ্রামের আছিয়া বেগম (৪৫) জানান, তার প্রেসার ও শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে ভর্তি হয়েছেন। প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। ওষুধ কিনতে হবে বাইরে থেকে। তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তি হইছি। কোনো ওষুধ পাই নাই। নার্সেরা আহে। অপর রোগী মমেলা বেগম বলেন, পেটের ব্যথার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি। অহনও ব্যথা কমে নাই। ওষুধ কিনে খাইতাছি। নার্স কইলো ডাক্তার আইবো।’
টিকেট কাউন্টারে কথা হয় চিকিত্সা নিতে আসা মরিচাপাড়ার আয়শা খাতুনের সাথে। তিনি বলেন, ‘আড়াই মাসের শিশু সন্তান নিয়ে আইছি। বাচ্চার জন্য আলাদা কোনো ডাক্তার নাই। এরপরেও লাইনে দাঁড়াইয়া আছি। এভাবে প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন এলাকা থেকে চিকিত্সা সেবা নিতে আসছেন। তবে ডাক্তার সংকটের কারণে চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অনেকে।’
আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, ‘চিকিত্সক সংকটের কারণে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর মেডিক্যাল অ্যাসিসটেন্ট দিয়ে রোগীদের চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে। ডাক্তার সংকটের কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এরপরও আমরা চেষ্টা করছি আরো বেশি সেবা দেওয়ার। তবে তৃতীয় শ্রেণির কর্মচারী সংকটের কারণে কার্যক্রম পরিচালনা ব্যাপক সমস্যা হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিত্ রায় বলেন, ‘প্রতিদিন গড়ে অর্ধশত রোগী আসে ইনডোরে। আউটডোরে আসেন আড়াইশ থেকে ৩০০। আউটডোর এবং ইনডোরে প্রয়োজনীয় ওষুধ রয়েছে। তবে যা আছে তা দিয়ে রোগীদের মানসম্মত সেবা দিতে আমরা চেষ্টা করছি।’
