সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:৫৬

দেবীগঞ্জে কর্মশালা

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত উদ্যানতাত্ত্বিক সবজি, ফল, ফুল ও ফসলের উচ্চ ফলনশীল জাত এবং অন্যান্য প্রযুক্তি বিস্তার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তাদের নিয়ে দেবীগঞ্জ প্রজনন বীজ উত্পাদন সেন্টার হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রজনন বীজ উত্পাদন সেন্টার দেবীগঞ্জের আয়োজনে প্রজনন বীজ উত্পাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো. মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুদেন্দ্র নাথ রায়।

দুর্যোগ বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে দুর্যোগ বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।

উপকরণ বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়াশে বৃহস্পতিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্র ও উপকারভোগীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন, সহায়ক উপকরণ, বাদ্যযন্ত্রসহ নানা উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম প্রমুখ।

শ্রমিকদের মধ্যে অর্থসহায়তা

মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দার ভাঁরশো ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার কর্মহীন ৫০০ ভ্যান-ভটভটি, অটো চার্জার এবং মোটর শ্রমিকের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ভাঁরশো ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঁরশো ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।

ইমামদের নিয়ে সন্ত্রাস প্রতিরোধে সভা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় বৃহস্পতিবার সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম এবং আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।

ইয়াসে ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে গোখাদ্য বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে গোখাদ্য বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব খাবার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।

নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন। উপজেলা প্রশাসনের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সুমন জিহাদী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী প্রমুখ।

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচিতে বৃহস্পতিবার শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং বেলকুচি উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান।