ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্রে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শত শত ভ্রমণ বিলাসী পুকুর, ঝর্ণা ও কূপের পানি পান করে পেটের পিরাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
কাংশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনার উল্লাহ, পর্যটন কেন্দ্রের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, ১৯৯৩ সালে কেন্দ্রটি গড়ে তোলার সময় প্রশাসনের পক্ষ থেকে তিনটি নলকূপ স্থাপন করা হয়। স্থাপনের পর থেকেই দুটি অকেজো হয়ে যায়। তা আর মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। একটি নলকূপের পানিতে মেটাতে হচ্ছে পুরো পর্যটন কেন্দ্রে আগত শত শত ভ্রমণ বিলাসীর পানির চাহিদা। তারা আরো জানান, ওই একটি নলকূপও মাঝে মধ্যে অকেজো হলে ব্যবসায়ীদের অর্থেই বেশির ভাগ সময় মেরামত করতে হয়। ভ্রমণ বিলাসীদের আগমন বেড়ে যাওয়ায় ওই নলকূপে পানির চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তবুও আবার নলকূপটি অকেজো হয়ে গেছে। ফলে অবকাশ বিনোদন কেন্দ্রে আসা ভ্রমণ বিলাসীদের পানির চাহিদা পূরণে পুকুর, ঝর্ণা ও কূপের পানি রান্নার কাজে ব্যবহারসহ পান করতে হচ্ছে। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছে ভ্রমণ বিলাসীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, পানি সংকটের বিষয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
