সাব্বির ও শেখ জামাল ম্যানেজারকে জরিমানা

আপডেট : ১৭ জুন ২০২১, ২৩:১০

অভিজ্ঞ ক্রিকেটার ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে মারা, বর্ণবাদী গালিবর্ষণের ঘটনায় জরিমানা গুনতে হচ্ছে সাব্বির রহমানকে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা এ ক্রিকেটারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানিয়েছে, একই ঘটনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার সুলতান মাহমুদকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইলিয়াস সানিকে সতর্ক করে দিয়েছে সিসিডিএম।

গত বুধবারের ঘটনায় সাব্বিরের শাস্তি চেয়ে সিসিডিএমকে চিঠি দিয়েছিল শেখ জামাল। গতকাল সিসিডিএমের টেকনিক্যাল কমিটি ঘটনার শুনানি করেছে। যেখানে ইলিয়াস সানি, সাব্বির ও শেখ জামালের ম্যানেজার উপস্থিত ছিলেন। গত ১৩ জুন শেখ জামাল-রূপগঞ্জ ম্যাচেও ইলিয়াস সানির সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলেন সাব্বির। দুই ঘটনার শুনানি শেষে শাস্তি দিয়েছে সিসিডিএম।