চট্টগ্রামে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নগরীর বায়েজিদ-ভাটিয়ারি লিংক রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি ও তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। এ সময় গোলাগুলিতে বায়েজিদ থানার তিন পুলিশ সদস্য আহত হন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান ইত্তেফাককে বলেন, সাইফুল বায়েজিদ থানার বার্মা কলোনি, হিলভিউ, মোহাম্মদনগর, আমিন জুট মিলস, আলীনগর, পাঁচলাইশ থানার ফরেস্ট, রংপুর কলোনি, হামজারবাগ এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। তার দুই ভাই সবুজের বিরুদ্ধে ২১টি এবং শামসুর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। সবুজ বর্তমানে জেলহাজতে এবং শামসু পলাতক। তারা পুরো এলাকায় কিশোর গ্যাং সৃষ্টিসহ চাঁদাবাজি, ছিনতাই, জমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে।
