চীনের তৈরি করোনা ভাইরাস প্রতিষেধক সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা চট্টগ্রামে আসছে আজ শুক্রবার। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ইত্তেফাককে এ তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, টিকাগুলো সংরক্ষণ করা হবে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরেজে। টিকা এলেও তা বিতরণ ও প্রয়োগ কার্যক্রম কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা ইত্তেফাককে জানান, চট্টগ্রামের পাঁচ জেলার জন্য মোট ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙ্গামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়।
উল্লেখ্য, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনার টিকা চট্টগ্রামে আসে গত ৩১ জানুয়ারি। পরে ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরো ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা আসে। ৭ ফেব্রুয়ারি শুরু হয় টিকাদান কার্যক্রম।
