ওবামাকেয়ার বাতিলে রিপাবলিকানদের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ

আপডেট : ১৮ জুন ২০২১, ০০:১৮

যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত স্বাস্থ্য বীমা কর্মসূচি অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামাকেয়ারের বিরুদ্ধে রিপাবলিকানদের চ্যালেঞ্জ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে লাখ লাখ মার্কিনী স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আসবেন। রিপাবলিকান নেতৃত্বাধীন রাজ্য এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষে পুরো আইনটি বাতিল করার আবেদন করা হয়েছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালতের বিচারপতিরা বলেছেন, ২০১০ সালের এই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার আইনি ভিত্তি নেই। বিচারপতি স্টিফেন ব্রেয়ার সিদ্ধান্তটি লেখেন। দুই বিচারপতি স্যামুয়েল অ্যালিটো এবং নেইল গোরসাচ আইনটি বাতিলের বিপক্ষে ছিলেন। বাকি সাতজনই পক্ষে ছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এই আইনটি হয়। -সিএনএন