খালেদা জিয়ার জীবন ঝুঁকিপূর্ণ, তাকে বিদেশে পাঠান :ফখরুল

আপডেট : ১৮ জুন ২০২১, ০০:৩০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। করোনা-পরবর্তী নানা জটিলতা এবং পুরোনো রোগে তিনি অত্যন্ত অসুস্থ, ঝুঁকিপূর্ণ তার জীবন। রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে তার সুচিকিত্সার ব্যবস্থা করা হোক।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে ফখরুল ইসলাম এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডে বেরাইদ এলাকায় নিমগাছের চারা রোপণ করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন, করোনা হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দীর্ঘ চার বছর তার চিকিত্সা না হওয়ার কারণে, কারাগারে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তার হার্টে সমস্যা তৈরি হয়েছে, কিডনিতে সমস্যা তৈরি হয়েছে, তার লিভারে সমস্যা তৈরি হয়েছে। তার পুরোনো অসুখ আর্থ্রাইটিসও রয়েছে। এই সব কটি মিলিয়ে উনি প্রচণ্ড অসুস্থ আছেন। ডাক্তাররা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।’ উন্নত চিকিত্সার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ওনার পরিবার আবেদন করেছে সরকারের কাছে যে তাকে বিদেশে চিকিত্সার সুযোগ দেওয়া হোক।