ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, ২০২২ সালের মার্চে ঢাকায় পাতাল রেলের নির্মাণকাজ শুরু হবে। গতকাল বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, সবার আগে বানানো হবে ডিপো। এরপর পর্যায়ক্রমে পাতাল রেলপথ, স্টেশনসহ আনুষঙ্গিক অবকাঠামোর কাজ শুরু হবে। পাতাল রেলেযাত্রী পরিবহন শুরু হবে ২০২৬ সালে।
এম এ এন ছিদ্দিক বলেন, ১২টি প্যাকেজের মাধ্যমে এমআরটি-১ প্রকল্পের মাধ্যমে ঢাকায় প্রথম পাতাল রেলপথের নির্মাণকাজ করা হবে। প্রথম প্যাকেজে ডিপোর ভূমি উন্নয়ন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হবে। এর ছয় মাসের মধ্যে রূপগঞ্জের পিতলগঞ্জে ডিপোর কাজ শুরু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।
তিনি আরো বলেন, এই লাইনটির দুটি অংশ। প্রথম অংশটি পুরোপুরি পাতালপথে। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পাতাল অংশের দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭ কিলোমিটার। অন্যদিকে, কমলাপুর থেকে পূর্বাচল পর্যন্ত নির্মাণ করা হবে উড়ালপথ, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৩৬ কিলোমিটার।
ঢাকায় পাতাল রেলের জন্য ২৫টি ট্রেন কেনার কথা জানিয়ে এম এ এন ছিদ্দিক বলেন, প্রতিটি ট্রেনে আটটি করে কোচ থাকবে। একেকটি ট্রেনে একসঙ্গে ৩ হাজার ৮৮ জন যাত্রী পরিবহন করা যাবে। আর পুরো লাইনটি দিয়ে প্রতিদিন ৮ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে। রেললাইনটি নির্মাণে খরচ হচ্ছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা।
ভার্চুয়াল সভায় ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আরো বলেন, দেশের প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬) আগামী বছরের জুনে চালু হবে। এ সময় রাজধানীর উত্তরা থেকে মতিঝিল অংশের মধ্যে উত্তরা-আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল করবে। এ সময় আগামী আগস্ট থেকে রেলপথে পরীক্ষামূলক ট্রেন পরিচালনা করার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।
