সারা বছর ক্লাসের জন্য ডেডিকেটেড টিভি চ্যানেল চালুর চিন্তা

আপডেট : ১৮ জুন ২০২১, ০০:৩১

শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদকে জানিয়েছেন, সারা বছরই যাতে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ করতে পারে, সেজন্য একটি ডেডিকেটেড টিভি চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে নওগাঁ-২ আসনের সরকার দলীয় এমপি শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে সকল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষাও নেওয়া হচ্ছে। টিকা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠ দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে করোনার টিকার আওতায় আনা হবে। এই টিকা দেওয়ার কর্মসূচি আবাসিক শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর হলসমূহ খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সরাসরি ক্লাস শুরু হবে।

দীপু মনি জানান, শিক্ষার্থীদের ক্ষতি পূরণে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সক্ষমতা ও বাস্তবতা অনুযায়ী ‘পুনরুদ্ধার পরিকল্পনা’ তৈরি এবং তা বাস্তবায়নে কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। সে জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ‘গাইডলাইন’ করে দেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সংসদকে জানান, করোনা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিকতায় ফিরিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০ হাজার ৪৯৯টি স্কুলের মধ্যে ১৫ হাজার ৬৭৬টি এবং ৪ হাজার ২৩৮টি কলেজের মধ্যে ৭০০টি কলেজে অনলাইন ক্লাস চালু হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফেরদৌসী ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দেশে ১৬টি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। যেসব জেলায় একটিও বিশ্ববিদ্যালয় নেই, সেখানে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় করা হবে। আরেক প্রশ্নের জবাবে দীপু মনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। নীতিমালার আলোকে যোগ্যতার ভিত্তিতে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হয়ে থাকে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়, তাদের এমপিওভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।