গত ১১ জুন অপারেশন কুয়েত পুনর্গঠন (ওকেপি-৮)-এ নিয়োজিত বাংলাদেশি সেনাসদস্য সার্জেন্ট মুকুল হোসেন ব্রেইন হেমারেজজনিত কারণে মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় মনোনীত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার পর মনোনীত সেনাবাহিনী প্রধান মরহুমের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সেনাসদস্যের মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে নিজ গ্রামের বাড়ি (কিশোরগঞ্জ, নীলফামারী) প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়। উল্লেখ্য, প্রয়াত সেনাসদস্যের মরদেহ গত ১৭ জুন ২০২১ তারিখ রাত ১২ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকায় এসে পৌঁছায়।— আইএসপিআর
