বৃষ্টিতে ভাসল কলকাতা

আপডেট : ১৮ জুন ২০২১, ০০:৩২

গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতাসহ সংলগ্ন অঞ্চল। এতে বেহাল হয়ে পড়ে পুরো পরিস্থিতি। কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান পানি জমে। কলকাতায় বৃষ্টি হয় ১৪৮ দশমিক ?৩ মিলিমিটার। অল্প সময়ে অতি বৃষ্টি, সঙ্গে গঙ্গার জোয়ার, সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হয়। দুপুরের পর পানি নামতে শুরু করে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আগে কখনো এত বৃষ্টি হয়নি। বৈদ্যুতিক বোমার মতো বিদ্যুত্ চমকাচ্ছে, আগে কোনো দিন দেখিনি। বজ্রপাতে প্রচুর মানুষ মারা যাচ্ছে। প্রকৃতি দুরন্ত হয়ে গেছে। অন্য রাজ্যে বৃষ্টি হবে, বাঁধের পানি ঢুকবে। তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ভাসবে।

পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দানাবাঁধা ঘূর্ণাবর্তের প্রভাবে এই প্রবল বৃষ্টি। আজ শুক্রবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি হবে বেশি। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে।

এদিনের প্রবল বৃষ্টিতে কলকাতার নিউমার্কেট, পার্ক সার্কাস, বালিগঞ্জ, কালীঘাটসহ উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চলে পানি জমে।