প্রস্তাবিত ২০২১-২২ বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। করোনা পরিস্থিতি বিবেচনায় অন্যান্য খাতের বরাদ্দ কমিয়ে শিক্ষাখাতের বাজেট বৃদ্ধি করা প্রয়োজন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। লিখিত বক্তব্যে তিনি ছয়টি দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রণোদনা কিংবা বিশেষ বৃত্তির ব্যবস্থা, সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ডিভাইস, খাতা-কলমসহ অন্যান্য শিক্ষাসামগ্রী প্রদান এবং মাধ্যমিক পর্যায়ের (স্কুল, মাদ্রাসা, কারিগরি) শিক্ষার্থীদের দুপুরে সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করার কথা বলা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর সাজিদুর রহমান, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, মোস্তাফিজ রহমান নাঈম, অধ্যক্ষ নাসির উদ্দিন বাবুল, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ কামরুজ্জামান, মো. হারুন অর রশিদ, মো. শান্ত ইসলাম প্রমুখ।
