ফল

করমচা

আপডেট : ১৮ জুন ২০২১, ১৯:৪৪

আশরাফুল আলম

 

করমচা অত্যন্ত টক স্বাদের ছোট আকৃতির নানাবিধ ঔষধি গুণসমপন্ন একটি ফল। করমচা ফলের বৈজ্ঞানিক নাম ক্যারিসা ক্যারান্ডাস। বাংলাদেশের প্রায় সব জায়গায় সমতল ভূমিতে করমচা চাষ করা যায়। করমচা গাছে ফেব্রুয়ারি মাসে ফুল আসে এবং ফল ধরে এপ্রিল-মে মাসে। বর্ষায় করমচা ফল পাকে। করমচা কাঁচা ফলটি দেখেতে সবুজ, কিন্তু পরিণত অবস্থায় ম্যাজেন্টা লাল রং ধারন করে বিধায় সবার কাছে বেশ জনপ্রিয় একটি ফল। দেশের গ্রামাঞ্চলে রাস্তার পাশে, বাড়ীর আঙিনায় খুব  ঘন কাঁটাযুক্ত এ ফল গাছটি বেশির ভাগ সময় প্রাকৃতিক ভাবেই জম্মায়। মাটিতে বিস্তৃত গুল্মজাতীয় এই উদ্ভিদটি কষ্টসহিষ্ণু এবং খরা সহনশীল। করমচা উদ্ভিদটি

এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়। ঔষধি গুণাবলি ও পুষ্টিগুণে অতুলনীয় করমচা ফলে রয়েছে, প্রচুর এনার্জি, কিলোক্যালরি কার্বোহাইড্রেট,প্রোটিন, ভিটামিন-এ, ভিটামিন-সি, রিবোফ্লেভিন, নিয়াসিন, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম যাহা আমাদের স্বাস্থ্য সুরক্ষায় নানা ভাবে সহায়তা করে থাকে। করমচা খেলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রেখে হূদরোগের ঝুঁকি কমায়, যকৃত ও কিডনীর রোগ, অভ্যন্তরীণ রক্তক্ষরণ কমাতেও ভাল কাজ করে। ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্য করমচা খাওয়া অনেক বেশি উপকারী। মৌসুমী সর্দি-জ্বর নিরাময়ে, স্কাভি, দাঁত ও মাঢ়ির নানা রোগ প্রতিরোধে করমচা খেলে অত্যন্ত সুফল পাওয়া যায়। করমচা গাছের মূলে রয়েছে হূদরোগ নিরাময়ে উপকারী ক্যারিসোন, বিটাস্টেরল, ট্রাইটারপিন, ক্যারিনডোনা ও লিগনাম। ভারতবর্ষের আদি চিকিত্সাশাস্ত্র চরক-এ করমচার কথা উল্লেখ রয়েছে।