ইত্তেফাক রিপোর্ট
সবাইকে নিজ পরিবার থেকেই নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শুধুমাত্র সরকারের একক প্রচেষ্টায় নিরাপদ খাদ্য বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য দেশের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. শাহাবুদ্দিন আহমদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আমরা নিরাপদ সবজি, ভোগ্যপণ্য আপনাদের হাতে পৌঁছে দিলাম, কিন্তু আপনাদের রান্নাঘর যদি নিরাপদ না হয় তাহলে নিরাপদ খাদ্য আপনি পাবেন না। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। এটি একটি যুদ্ধ। দলমত নির্বিশেষে সবাইকে এ যুদ্ধ চালিয়ে যেতে হবে।
এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, আমরা কত শতাংশ নিরাপদ খাদ্য প্রতিষ্ঠা করতে পেরেছি তা এখনই হিসেব করে বলা যাবে না। বা কতদিন লাগবে নিরাপদ খাদ্য নিশ্চিতে তাও বলা মুশকিল। তবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে এটা কম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারি।
খাদ্যমন্ত্রী বলেন, আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করতে চাই। জনবল বাড়িয়ে এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করে মানুষের কাছে নিরাপদ খাদ্য দেয়া সরকারের দায়িত্ব।
