রাজধানী ঢাকা শহর বহু বছর ধরেই নানাবিধ সমস্যা-সংকটে জর্জরিত। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)’ প্রতিবছরের মতো চলতি বছরও ‘বৈশ্বিক বসবাসযোগ্যতা শীর্ষক জরিপ-২০২১’ প্রকাশ করেছে। যথারীতি এ তালিকায় বসবাসযোগ্যতার দিক দিয়ে ঢাকার অবস্থান ১৪০টি শহরের মধ্যে ১৩৭তম। গত বছর এ তালিকায় ‘গ্লোবাল লিভেবিলিটি ইনড্রেক্স’-এ ঢাকার অবস্থান ছিল ১৩৮তম। জরিপে বসবাসযোগ্যতা নির্ধারণে বেশ কয়েকটি মান বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো ইত্যাদি। গত প্রায় কয়েক বছর ধরে বিভিন্ন জরিপে বসবাসঅযোগ্য দেশিবিদেশি বিভিন্ন শহরের মধ্যে ঢাকার অবস্থান প্রথম সারির দিকে। ঢাকা শহরের মানুষকে প্রতিদিন নানা সমস্যার মধ্যে জীবন যাপন করতে হচ্ছে। বাতাসে সিসা, খাদ্যে ভেজাল, গ্যাস-পানির সমস্যা বহুদিন ধরে চলে আসছে। উচ্চ খরচে চিকিত্সাসেবা পাওয়া গেলেও তার মান নিয়ে রয়েছে প্রশ্ন। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় পড়তে হয় নগরবাসীকে। ফুটপাত চলে গেছে দখলকারীদের কবজায়। সড়কে, অলিতেগলিতে তারের জঞ্জাল এ শহরে অন্যতম এক সমস্যা।
টেকসই বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরবাসীর জন্য স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হচ্ছে। দিনে দিনে ঢাকার আকার বাড়ছে কোনো পরিকল্পনা ছাড়াই। শিক্ষার্থী ও কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের যানজটে পড়ে নাকাল হতে হচ্ছে। মূলত সবকিছু ঢাকাকেন্দ্রিক হওয়ায় ঢাকার জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু—এ চারটি নদীই আজ দুর্বিষহ দূষণের কবলে। খালগুলো তো বহু আগেই দখল হয়ে গেছে। নগরীতে পানিদূষণ ও বায়ুদূষণের ফলে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। অতি মাত্রায় শব্দদূষণ নগরবাসীকে মারাত্মকভাবে ভোগাচ্ছে। প্লাস্টিক আর পলিথিন দূষণের বিস্তার তো রয়েছেই। বিল্ডিং কোড না মেনে ও অপরিকল্পিতভাবে ভবন গড়ে তোলার ফলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ব্যাপক ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। বিভিন্ন উন্নয়ন কাজে সমন্বয়ের অভাবের দরুন মাঝেমধ্যেই নগরবাসীর বিরক্তির সীমা ছাড়িয়ে যায়।
রাজনৈতিক বিচার-বিবেচনা ও গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে তথা দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এগিয়ে যেতে পারলে ঢাকার বিকেন্দ্রীকরণ সম্ভব। আগামী প্রজন্মের জন্য হলেও আমাদের বাসযোগ্য ও টেকসই আধুনিক শহর ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিতে হবে সবার আগে। পৃথিবীর অনেক দেশে দুটি রাজধানী আছে। আবার অনেক দেশে রাজধানী সরিয়ে অন্যত্র স্থাপনেরও নজির আছে। ঢাকা শহরের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের কথা চিন্তা করে রাজধানী স্থানান্তর কিংবা অন্য কোনো স্থানে প্রশাসনিক রাজধানীর কথা চিন্তা করা যেতে পারে। এতে করে ঢাকার ওপর চাপ অনেকটাই কমে যাবে।
সূত্রাপুর, ঢাকা
