পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় গবাদি পশুর ঘাসের সংকট দূর করতে অধিকাংশ গ্রামে বাণিজ্যিকভাবে নেপিয়ার জাতের ঘাস চাষ হচ্ছে। কম খরচে অধিক লাভ হওয়ায় এ চাষে ঝুঁকছেন চাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় দেড়শ বিঘা জমিতে নেপিয়ার জাতের ঘাস চাষ করা হয়েছে। কপিলমুনির নাছিরপুর গ্রামের চাষি জামাল হোসেন ও মো. হারুন জানান, এক বিঘা জমিতে ঘাস চাষ করতে খরচ হয় দেড় হাজার টাকা। নিজের চাহিদা পূরণ হওয়ার পরও পাঁচ-সাত হাজার টাকার ঘাস বিক্রি করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, অন্যান্য ফসলের তুলনায় ঘাস চাষ লাভজনক হওয়ায় কৃষকরা এ চাষে ঝুঁকছেন।
