নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী হানিফ মিয়াকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। নিহত মর্জিনা বেগমের ছেলে আবুল হোসেন বাদী হয়ে বাবার বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, বুধবার মো. হানিফ মিয়া(৬৫) তার স্ত্রী চার সন্তানের জননী মর্জিনা বেগমকে পারিবারিক কলহের এক পর্যায়ে লোহার সাবল দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চিকিত্সার উদ্দেশ্যে নরসিংদী নেয়ার পথে মর্জিনা বেগম মারা যান। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, ছেলের করা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
