ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ছয় দালালকে দণ্ড

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:২৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করে এক সপ্তাহ করে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিনভর  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য এবং কিশোর কুমার। দণ্ডপ্রাপ্ত দালালরা হলো—সদর উপজেলার সুহিলপুরের আব্দুল্লাহ, জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার রাসেল বকসি, পশ্চিম মেড্ডা শরীফপুরের শিপন, হালদারপাড়ার মামুন, নবীনগরের মহেশপুরের শাহপরান এবং অন্য একজন রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা দালালদের বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালে অভিযান চালিয়ে ছয় জন দালালকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক সপ্তাহ করে কারাদণ্ড দেওয়া হয়েছে।