চৌগাছা (যশোর) সংবাদদাতা
চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের একটি ব্যস্ততম সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। জনস্বার্থে সড়ক থেকে কাঠের খুুঁটিটি অপসারণের জন্য সম্প্রতি ডিজিএম বরাবর একটি আবেদন করেছেন তারা। বাসচালক শাহাজান জানান, সড়কের গরিবপুর নিউমার্কেট মোড়ে সড়কের ওপরে পল্লীবিদ্যুতের খুঁটি থাকার কারণে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। এলাকার ব্যবসায়ী ডা. জিল্লুর রহমান জানান, বহু আগের পুরোনো কাঠের খুঁটি প্রায় নষ্ট হয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলির বাদল বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের ওপরে খুঁটি থাকায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সড়কের ওপর থেকে পল্লী বিদ্যুতের খুঁটিটি অপসারণ খুবই জরুরি। এ ব্যাপারে চৌগাছা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী বালী আবুল কালাম বলেন, আবেদন পেয়েছি। জুন মাসের পর খুঁটিটি অপসারণ করা হবে।
