চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে তৃতীয় দফায় এসেছে চীনের সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ করোনার টিকা। শুক্রবার সকালে ফ্রিজার ভ্যানে করে চট্টগ্রামে পৌঁছায় এসব টিকা। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি উপস্থিত থেকে এসব টিকা গ্রহণ করেন। তিনি বলেন, সরকারের নির্দেশনা পেলে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে। শুধু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে এ টিকা দেওয়া হবে। তিনি আরো বলেন, এবার চট্টগ্রাম সিটি করপোরেশন বা জেলার জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, চীনা নাগরিক, বিদেশগামী, বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্ন কর্মী, মুর্দা গোসলকারী, লাশ দাফনের কাজে নিয়োজিত ব্যক্তি যারা রেজিস্ট্রেশন করে এখনো টিকা নিতে পারেননি তাদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকার প্রথম ডোজ প্রয়োগ করা হবে। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং কলেজ, আইএইচটি, মিডওয়াইফারি ও ম্যাটসে্র শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের আইডি কার্ড দিয়ে নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন সাপেক্ষে এ টিকা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই শাখায় প্রাপ্ত কোভিড-১৯ ভ্যাকসিন খুব সাবধানতার সঙ্গে ওয়াক-ইন-কুলারে (ডব্লিউআইসি) সংরক্ষণ করা রয়েছে।
