সিঙ্গাপুরে হাসপাতাল ছেড়ে
এখন হোটেলে
ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ সিঙ্গাপুরে চিকিত্সা শেষে আগামীকাল সোমবার দেশে ফিরছেন। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে। গত ২০ জানুয়ারি ঢাকা থেকে সিঙ্গাপুরে গিয়ে সরাসরি সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন তিনি। ওই হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ার পর গতকাল শনিবার এরশাদ হোটেলে উঠেছেন।
এরশাদের সঙ্গে সিঙ্গাপুরে থাকা তার ব্যক্তিগত সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার টেলিফোনে ইত্তেফাককে জানান, এরশাদের শারীরিক অবস্থা আগের তুলনায় বেশ ভালো। নিজ থেকে উঠতে-বসতে পারছেন। তবে হাঁটাহাঁটি করতে আরও সময় লাগবে। আপাতত হুইল চেয়ারেই এদিক-ওদিক যাচ্ছেন। মেজর খালেদ জানান, যকৃতের সমস্যার উন্নতি হওয়ায় এরশাদ এখন নিজেই মোটামুটি খেতে পারছেন। ফলে তার শারীরিক দুর্বলতা অনেকটাই কেটেছে।
উল্লেখ্য, একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে গত বুধবার থেকে। সিঙ্গাপুরে থাকায় নতুন সংসদের প্রথম বৈঠকে যোগ দিতে পারেননি এরশাদ। আগামীকাল দেশে ফেরার পর দুই-একদিনের মধ্যেই বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি সংসদে যোগ দেবেন বলে জানা গেছে।
