কচুয়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়ায় তোফায়েল হোসেন (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কচুয়া পৌরসভাধীন কোয়া গ্রাম থেকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের কবির হোসেনের ছেলে। এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভূমি ব্যবস্থাপনা-বিষয়ক কর্মশালা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামে শুক্রবার দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির(জাইকা) সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক (ভার্চুয়াল) ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম।
করোনা সুরক্ষাসামগ্রী উপহার
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের করোনা সুরক্ষাসামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস। বৃহস্পতিবার রাতে তিনি প্রেসক্লাবে এসব সুরক্ষাসামগ্রী সাংবাকিদের হাতে তুলে দেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুণ্ডুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেনের সঞ্চালনায় করোনা পরিস্থিতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
গৃহহীন পরিবারকে ঘর প্রদান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
ইত্তেফাক ডেস্ক মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার সকালে বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
খুলনা :মুজিববর্ষ উপলক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে খুলনা জেলার ৯টি উপজেলায় ১ হাজার ৩৫১টি ভূমিহীন-গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর জমিসহ ঘর উপহার পাচ্ছেন। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ এ ঘর প্রদান করবেন। শুক্রবার সকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তার সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, খুলনার সব উপজেলায় গৃহনির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। প্রত্যেক পরিবারের জন্য দুই শতক জমিসহ নির্মিত ঘর ইতিমধ্যে দলিল কবুলিয়ত ও মিউটেশন সম্পন্ন করে রবিবার উপকারভোগীদের মধ্যে হস্তান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
খাগড়াছড়ি :খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ির সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ভূমিহীনদের জমি ও গৃহ হস্তান্তর প্রক্রিয়ায় খাগড়াছড়ির ৯টি উপজেলায় প্রথম পর্যায়ে ২৬৮টি ও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ৬৯৩টি ঘর নির্মাণ করা হয়েছে। পুরো জেলায় মোট ৩ হাজার ৫৮৯টি পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ঘর হস্তান্তর করা হবে।
বকশীগঞ্জ (জামালপুর) :বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা সংবাদ সম্মেলন করেছেন। ঘর বিতরণের দ্বিতীয় পর্যায় উদ্বোধন উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোরেলগঞ্জ (বাগেরহাট) :উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।
কাঠালিয়া (ঝালকাঠি) :কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
