দৌলতপুরে হুমকিতে বসতবাড়ি

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:২৬

অব্যাহত বর্ষণ ও যমুনায় পানি বৃদ্ধিতে ভাঙন শুরু

ঘিওর ও সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

যমুনা নদীতে পানি বৃদ্ধি ও গত কয়েক দিনের অব্যাহত বর্ষণে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনে বিলীনের পথে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার আশ্রয়কেন্দ্রসহ ধর্মীয় প্রতিষ্ঠান। চলতি বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই উপজেলার বাঁচামারা ও চরকাটারি ইউনিয়নে যমুনা নদীর পাড় এলাকায় ভাঙন দেখা দেয়।

শুক্রবার সরেজমিনে ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতপুর উপজেলার যমুনা নদী পাড়ের বাঁচামারা ও চরকাটারি ইউনিয়নের বাড়িঘর, ফসলি জমি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তীব্র নদী ভাঙনে হুমকির মুখে রয়েছে।

 দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বলেন, এ বছর বর্ষার শুরুতেই উপজেলার বাঁচামারা ইউনিয়নের হাটবাজার, স্কুল-কলেজ, আশ্রয়কেন্দ্র, মাদ্রাসা এবং চরকাটারি ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। দ্রুত নদীভাঙন রোধ করতে না পারলে শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, সাময়িক আশ্রয়কেন্দ্র নদীগর্ভে চলে যাবে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, দৌলতপুর উপজেলার বাঁচামারা এবং চরকাটারি ইউনিয়নের নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় এমপি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে।