গাজীপুর প্রতিনিধি
মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে গাজীপুরে ২০২টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। আগামীকাল ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো গাজীপুরে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রতিটি জেলায় জমি ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হবে। শুক্রবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। তিনি জানান, দুই শতাংশ জমির ওপর দুটি কক্ষ, বাথরুম ও রান্নাঘর নিয়ে ৩৪০ বর্গফুট আয়তনের গৃহগুলো নির্মাণ করা হয়েছে। প্রতি পাঁচটি পরিবারের জন্য একটি সাবমার্সিবল পাম্প ও বিনা মূল্যে বিদ্যুত্সংযোগ দেওয়া হবে।
