বিশেষ প্রতিনিধি
মিরপুর এলাকার কিশোর গ্যাং ‘অপুর দল’-এর গ্যাং লিডার অপুসহ তিন কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব-৪-এর একটি দল। মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করা হয়। এরা হলো নাসির আহমেদ অপু, হূদয় ও মো. আতিকুর রহমান। তাদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, একটি ফোল্ডিং চাকু, একটি চাপাতি, ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, উত্ত্যত্তকরণসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। র্যাব জানিয়েছে, গ্রেফতার কিশোররা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এছাড়া ঐ এলাকায় কোনো অপরিচিত লোক গেলে তাকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।
