রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইউসুফগঞ্জের কাদিরারটেক এলাকার পূর্বাচল হোয়াইট হাউজ রেস্টুরেন্ট থেকে গতকাল শুক্রবার ভোরে দেশি-বিদেশি মাদকদ্রব্যসহ অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১১ নারী ও ১৩ পুরুষকে আটক করা হয়েছে। রূপগঞ্জ থানার এসআই মাহবুবুর রহমান ও হুমায়ুন কবির মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় দেশি-বিদেশি মদ, বিয়ার, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে। রেস্টুরেন্টের মালিক নজরুল ইসলাম পলাতক রয়েছেন। রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। রূপগঞ্জ থানার এসআই ইফাত আহমেদ এ মামলা করেন। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
