মিথ্যা বলার পারদর্শিতার জন্য ফখরুলকে পুরস্কার দেওয়া যেতে পারে --------------------- হানিফ

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:২৮

বিশেষ প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন একটি করে সংবাদ সম্মেলন করে ইনিয়ে-বিনিয়ে মিথ্যে কথা বলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘সংবাদ সম্মেলন করে তিনি সবাইকে বিভ্রান্ত করতে চান। আমি মির্জা ফখরুল সাহেবকে ধন্যবাদ না দিয়ে পারব না; মিথ্যা কথা যে আপনি এত চমত্কারভাবে বলতে পারেন। উনার কথা শুনে আমি মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই। মিথ্যা বলার পারদর্শিতার জন্য নিঃসন্দেহে তাকে পুরস্কার দেওয়া যেতে পারে।’ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। স্মরণসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু প্রমুখ।